রোজদিন ডেস্ক : পূর্ব ঘোষণা মতই কালীপুজোর পরদিন মঙ্গলবার দুপুরে বড়মা দর্শনে নৈহাটিতে উপস্থিত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ তিনি নৈহাটি পৌঁছান। সেখানে তাঁর জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন সাংসদ পার্থ ভৌমিক-সহ দলীয় নেতা, কর্মীরা। গাড়ি থেকে নেমে মন্দিরে গিয়ে জুতো খুলে বড় মাকে দর্শন করেন তিনি কিছুক্ষণ। তারপর মন্দিরের পাশের মণ্ডপে থাকা বড়মা-র মূর্তির সামনে মাটিতে আসন পেতে বসে বসে সমস্ত আচার মেনে পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণ করে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় প্রদীপ দেখিয়ে ভক্তিভরে সারেন মায়ের আরতিও।কালীপুজোর পরের দিন হওয়ায় স্বভাবতই এদিন নৈহাটিতে বড়মার মন্দিরে ছিল ভক্তদের ভিড়। এর মধ্যে অভিষেকের টানে দলে দলে ভিড় জমান কর্মী, সমর্থকরা। তাঁকে দেখতে অনেক সাধারণ মানুষও আসেন। পুলিশ ভালোভাবেই পরিস্থিতি সামাল দেয়।
এদিন প্রথমে মন্দিরে পরে মণ্ডপে যান অভিষেক। তার মাঝেই সারেন জনসংযোগ। দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্য অভিষেককে হাত নাড়তে দেখা যায়। কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেকের সঙ্গেও হাত মেলান। নৈহাটি যাওয়ার পথেও এদিন জনসংযোগ সারেন তিনি। কোনও কোনও জায়গায় রাস্তার দুধারে ভিড় জমে যায়। ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে তাঁর কনভয়। গাড়িতে বসেই কথা বলেন তিনি। এদিন তাঁর সঙ্গে আগাগোড়া ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, সনত দে, সোমনাথ শ্যাম-সহ আরও অনেকে। এবার কালীপুজোয় লেক কালীবাড়ি, নৈহাটির বড়মা দর্শন করে পুজো দিলেন অভিষেক।
এর আগে ২০২৩ সালে, বড়মার মন্দিরটি নতুন করে তৈরি হওয়ার পর উদ্বোধনের পর গিয়েছিলেন তিনি। এরপর ফের আজ নৈহাটি গেলেন তিনি।

Be the first to comment