রোজদিন ডেস্ক : প্রতিদিন প্রায় নিয়ম করে রাজ্যের মুখ্যমন্ত্রী, শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা বিষয়ে তোপ দাগেন তিনি। এবার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথির এক প্রাথমিক শিক্ষক। তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নামে দফায় দফায় বিরোধী নেতা তাঁদের কাছে থেকে আড়াই কোটি টাকা নিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতিমত কোন চাকরির ব্যবস্থা করেননি। চাপে পড়ে ৫০ লক্ষ টাকা ফেরত দিলেও বাকি টাকা এখনও দেন নি বলে তাঁর অভিযোগ।
এই নিয়ে বিরোধী নেতাকে তোপ দেগেছে রাজ্যের শাসক টিএমসি।
সূত্রের খবর, অভিযোগকারী শিক্ষক অনিমেষ গিরি জানিয়েছেন, তিনি আরএসএস সদস্যও। বিরোধী নেতার এই প্রতারণার কথা তিনি সঙঘ নেতাদের ও জানিয়েছেন। তাঁরা বিরোধী নেতাকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেও উনি তা মানেননি। দীর্ঘ তিন বছরের বেশি অপেক্ষা করে তিনি বিজেপির রাজ্য সভাপতি কে নালিশ করে চিঠি দিয়েছেন।
এই চিঠি সমাজ মাধ্যমে প্রকাশ করে রাজ্যের শাসক টিএমসির কটাক্ষ, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বিজেপি ও বাংলা বিরোধীদের আসল রূপ।
তবে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, এই কথা অসত্য। তিনি এর নেপথ্যে টিএমসি-র ইন্ধনের অভিযোগ এনে বলেন, বিধানসভা নির্বাচনের আগে এই সব বলে ওই শিক্ষক ফায়দা তুলতে চাইছেন।
গতকাল মেসির আগমনে যুবভারতীর চূড়ান্ত বিশৃঙ্খলা নিয়ে আজও মুখ্যমন্ত্রী সহ শাসক দলকে তোপ দাগেন বিরোধী নেতা। দাবি করেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে বরখাস্ত করার।
অন্যদিকে এই সব নিয়ে দুই মন্ত্রীই মুখে কুলুপ এঁটেছেন।

Be the first to comment