রোজদিন ডেস্ক : উত্তর ২৪ পরগণার পানিহাটির পুর প্রতিনিধি অনুপম দত্তর হত্যা মামলায় তিন অভিযুক্তকে আজ দোষী সাব্যস্ত করলো ব্যারাকপুর আদালত। ২০২২ সালের ১৩ মার্চ বাড়ির কাছে স্কুটারে ওঠার সময় টিএমসি-র তরুণ এই পুর প্রতিনিধিকে গুলি করে হত্যা করে দুষ্কৃতিরা। রাজ্যব্যাপী শোরগোল তোলা এই মর্মান্তিক হত্যাকান্ডে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করে পুলিশ৷ ওই দিনই রাতে অমিত পন্ডিতকে ধরে পুলিশ। পরে বাপি পন্ডিত ও জিয়ারুল মন্ডল গ্রেফতার হন। তাঁদের মধ্যে বাপি জামিনে মুক্ত ছিলেন। আজ আদালতে রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন। বিচারক তাঁকেও দোষী সাব্যস্ত করায় আদালত থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। অনুপম দত্তকে তিনিই খুনের সুপারি দিয়েছিলেন বলে অভিযোগ।
আজ তাঁকে আদালত দোষী সাব্যস্ত করায় বাপি বলেন, তাঁকে ফাঁসানো হয়েছে। এর সঙ্গে নেতারা জড়িত।
আদালতে উপস্থিত ছিলেন প্রয়াত অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্তও। তিনি এই রায়ে খুশি, দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।
তবে আক্ষেপ করে বলেন, এই ঘটনার পর তাঁর শাশুড়ি ও পুত্র শোকে মারা গেছেন। দুটি ছোট সন্তানকে নিয়ে তাঁর এখন বেঁচে থাকার লড়াই চলছে।
আগামী বুধবার ১৭ ডিসেম্বর এই মামলায় দোষী সাব্যস্ত তিনজনের সাজা ঘোষণা হবে।

Be the first to comment