মনরেগার নামবদল, তীব্র নিন্দা কংগ্রেসের জাতীয়, রাজ্য নেতৃত্বের

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (মনরেগা বা একশো দিনের কাজ নামে পরিচিত) থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে নয়া নামের প্রকল্প চালু করার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কংগ্রেসের জাতীয় ও রাজ্য নেতৃত্ব এর তীব্র নিন্দা করেছেন। কেন্দ্রীয় সরকার এর নাম বদলে সংসদে “বিকশিত ভারত, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ( গ্রামীণ) “বিল আনতে চলেছে। প্রথমে এর নাম বদল করে “পুজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা” করার প্রস্তাব আসে, পরে যে বিল দেওয়া হয়েছে, সেখানে মহাত্মা গান্ধীর নামও নেই। কংগ্রেসের দুই বিশিষ্ট নেতা জয়রাম রমেশ ও কে সি বেনুগোপাল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তাঁদের অভিযোগ, জাতীয় ক্ষেত্র থেকে মহাত্মা গান্ধীর নামই মুছে দেওয়ার বড় মাপের চেষ্টা এইটি। এই প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম থাকায় ওদের (বিজেপি) কি সমস্যা ছিল?
বিরোধীদের আরও অভিযোগ, প্রথমে প্রধানমন্ত্রী এই প্রকল্পকে ব্যর্থতার মনুমেন্ট বলে কটাক্ষ করতেন, এখন তিনিই এই বৈপ্লবিক প্রকল্পর নাম বদলে কৃতিত্ব নিতে চাইছেন!!
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার মনরেগা প্রকল্পের নাম বদলের প্রস্তাবে বিজেপিকে তীব্র আক্রমণ করে তোপ দাগেন। একরাশ ক্ষোভ উগরে বলেন, এই সরকার নাম বদলের সরকার! যারা গডসে (গান্ধীজির হত্যাকারী) কে পুজো করে!

ইউপিএ আমলে গৃহীত এই প্রকল্প নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোন আলোচনা না করে তাদের ওপর কেন্দ্র আরও বোঝা চাপিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে। কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে শুভংকর সরকার আরও বলেন, এদের নিজস্ব কোন পুঁজি নেই, কংগ্রেসের পুঁজিকে কাজে লাগিয়ে কাজ করছে। গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করছে।
কংগ্রেস নেতাদের অভিযোগ, মনরেগার এই নাম বদল নেহাতই প্রসাধনী বদল। এই প্রকল্পের তহবিল কমানো, টাকা না দেওয়া ইত্যাদি থেকে নজর ঘোরাতেই এই নামবদলের প্রস্তাব।
বিজেপি অবশ্য বিরোধীদের এই সব অভিযোগই অস্বীকার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*