পলাশীপাড়ায় বাংলাদেশী যুবক গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চাঞ্চল্য

Spread the love

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:

নদীয়ার পলাশীপাড়া থানার এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশী যুবককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলায়।

পুলিশ প্রশাসন সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর পলাশীপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরে তিনি পলাশীপাড়ার বারুইপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন বলেও জানতে পেরেছে পুলিশ।

ধৃত ব্যক্তির কাছে বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা অন্য কোনও প্রয়োজনীয় নথি পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে দাবি। এরপরই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। কীভাবে সীমান্ত পেরিয়ে তিনি এ দেশে প্রবেশ করলেন এবং তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ধৃত যুবককে আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*