বিধানভবনে ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সিংয়ের বাড়িতে পুলিশ, হাজরায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি

Spread the love

রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস অফিস বিধানভবনে ভাঙচুরের অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিংহের বাড়িতে পুলিশ। যদিও যেখানে তাঁর খোঁজ পায়নি পুলিশ।

বিধানভবনে ভাঙচুর, হামলার ঘটনায় শুক্রবারই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় এন্টালি থানায় মামলা দায়ের করা হয়। অস্ত্র নিয়ে বিধান ভবনে হামলার অভিযোগ করে কংগ্রেস।

এদিকে শুক্রবার দলীয় অফিসে হামলার প্রতিবাদে হাজরা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। বিজেপি নেতা রাকেশ সিংয়ের গ্রেফতারের দাবির পাশাপাশি ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কংগ্রেস কর্মীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবার প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে হামলা চালানো হয়েছে বলে হাত শিবিরের অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে ভোট চুরি নিয়ে একাধিক অভিযোগ করেছেন রাহুল, তথ্য তুলে ধরেছেন। সেই কারণেই বিজেপির এই হামলা বলে অভিযোগ কংগ্রেসের। শুক্রবার সকালে সাড়ে ১১টা নাগাদ মৌলালিতে কংগ্রেসের অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ।

কংগ্রেসের অভিযোগ, বিজেপির পতাকা হাতে হামলা চালিয়েছেন মারমুখী কয়েকজন। বিধান ভবনে থাকা রাহুল গান্ধীর ছবি-সহ একাধিক ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*