SIR নিয়ে আপত্তি, বিহারে রাহুল গান্ধীর দ্বারস্থ মতুয়ারা

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় বিশেষ সংশোধনের বিরুদ্ধে এবার সরাসরি লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দ্বারস্থ হলেন মতুয়াদের একাংশ। ভোটার তালিকায় ‘কারচুপি’র বিহারে এই মুহূর্তে ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন রাহুল। সরাসরি সেখানে গিয়ে রাহুলের সঙ্গে দেখা করলেন মতুয়া-প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে বেশ খানিকক্ষণ বৈঠকও করেন রাহুল। পাশাপাশি, দিল্লিতেও আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন।

রাহুলের সঙ্গে দেখা করতে শুক্রবার মতুয়াদের ৩০ জন প্রতিনিধির একটি দল বিহার রওনা দেয়। বনগাঁ থেকে হাওড়া হয়ে পটনা রওনা দেন তাঁরা। শনিবার ছাপরায় ‘ভোটার অধিকার যাত্রা’ করছেন রাহুল। এদিন সেখানেই রাহুলের সঙ্গে দেখা হয় তাঁদের। যাত্রা শুরুর আগে সকাল ৯টা বেজে ১৫ মিনিট থেকে ৯.৩০টা পর্যন্ত তাঁদের সঙ্গে বৈঠক করেন রাহুল।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, বৈঠকে মতুয়াদের সম্পর্কে খোঁজখবর নেন তিনি। সমস্যাগুলি জানতে চান। SIR চান না বলে মতুয়া প্রতিনিধিরা জানান রাহুলকে। পাশাপাশি, রাহুল যে জাতিগণনার দাবি করে আসছিলেন বরাবর, সে ব্যাপারে রাহুলকে সমর্থন জানান সকলে।

মতুয়া প্রতিনিধিদের সঙ্গে রাহুলের এই সাক্ষাতে মিডল ম্যান হিসাবে ভূমিকা পালন করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তাঁরই উদ্যোগে রাহুলের সঙ্গে দেখা করার সুযোগ মেলে। বৈঠকে রাহুল সকলকে জানান, অধীরের মাধ্যমে সকলকে খবর পাঠাবেন তিনি। দিন ঠিক করে দিল্লিতে ডাকবেন সকলকে। সেখানে বিশদ আলোচনা হবে। রাহুলের সঙ্গে দেখা করতে পেরে খুশি মতুয়া-প্রতিনিধিরাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*