রোজদিন ডেস্ক : বিশ্বখ্যাত ফুটবল তারকা মেসি-র সফরের দিন চূড়ান্ত মেস-এর প্রতিবাদে আজ যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। যেখান থেকে শনিবার মেসি এই ক্রীড়াঙ্গনে প্রবেশ করেছিলেন, তাঁরা সেখানে যান, তবে প্রবেশদ্বার বন্ধ থাকায় ওখানে দাঁড়িয়েই তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। মুর্হুমুহু “চোর! চোর! ” ধ্বনি তোলেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মেসিকে আনা নিয়েও শাসক দল দুর্নীতি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গত চোদ্দ বছরের শাসনকালে এই ঘটনা সব থেকে বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেন। তিনশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেন। মিছিল করে তাঁরা ওখানে যান৷ বিশিষ্ট খেলোয়াড় তথা বিধায়ক অশোক দিন্দাও সেখানে ছিলেন। শনিবার মেসির পাশে থাকা জটলায় তিনিও ছিলেন বলে শাসক দলের অভিযোগ।
আজ এই বিষয়ে অশোক দিন্দাকে প্রশ্ন করা হলে দৃশ্যত বিরক্ত অশোক দিন্দা বলেন, তিনি কি ওখানে মেসির সঙ্গে ছবি তুলেছিলেন? শাসক দল কি তা দেখাতে পারবে?
বিরোধী নেতার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল সমাবেশে একাধিক বিজেপি বিধায়ক, সমর্থক, কর্মীরা ছিলেন।
তাঁরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারির দাবিতে সরব হন । এই ঘটনায় মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি করেছেন, তাঁরা তা মানেন না বলেও জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ত্রিশ জন বিধায়কও ছিলেন। প্রসঙ্গত, শনিবার যুবভারতীর ঘটনার প্রতিবাদে লাগাতার বিক্ষোভ, প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার, শাসক দলকে নিশানা করে যাচ্ছেন বিরোধী নেতা।
তাঁর আজকের এই বিক্ষোভ নিয়ে পালটা কটাক্ষ করেন শাসক দলের নেতা অরূপ চক্রবর্তী। কেন সারদা ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না তা নিয়ে প্রশ্ন তোলেন।

Be the first to comment