রোজদিন ডেস্ক : রাজ্যে প্রতি বছর মহাসমারোহে শিল্প সম্মেলন হলেও আদতে কত বিনিয়োগ এসেছে, তা নিয়ে পুস্তিকা প্রকাশ করলো বিজেপি। আজ থেকে দু-দিনের ব্যবসায়ী সম্মেলন শুরুর আগে এই পুস্তিকা প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর রাজ্যে সরকারি উদ্যোগে এই পর্যন্ত যেসব শিল্প সম্মেলন হয়েছে, সেখানে কত সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে এবং তার কত রূপায়িত হয়েছে, তার তথ্য সম্বলিত পুস্তিকা আজ প্রকাশ করেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।
রাজ্যের শিল্প পরিস্থিতিকে তীব্র কটাক্ষে বিঁধে “ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রেভ ইয়ার্ড ” শীর্ষক এই পুস্তিকায় দেখানো হয়েছে আদতে যত সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়, তা রূপায়িত হয় না।
বিজেপির দুই নেতা শমীক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী এই সব নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলো ধুনো করেন। বিরোধী নেতা বলেন, রাজ্যে শিল্প বিপর্যয়ের বিষয় এই পুস্তিকায় তুলে ধরা হয়েছে। আগামী কয়েক দিনে তা রাজ্যের সর্বস্তরে দেওয়া হবে। সমাজ মাধ্যমেও প্রচার করা হবে বলে তিনি জানান।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে শিল্প ধ্বংস হয়ে গেছে। ভারী শিল্প ছাড়া এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, উনি বলেন এই রাজ্যকে গুজরাট, মহারাষ্ট্র হতে দেবেন না। অথচ ওই সব রাজ্যেই বিদেশি বিনিয়োগ এই রাজ্যের থেকে অনেক বেশি।
প্রসঙ্গত, আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। এই লক্ষ্যে রাজ্যের শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের অবনমনকে তুলে ধরার প্রয়াস নিয়েছে তারা।

Be the first to comment