জিটিএ এলাকাতেও শিক্ষক নিয়োগে দুর্নীতি, ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার চাকরি হারালেন রাজ্যের আরও ৩১৩ জন স্কুল শিক্ষক। আজ বুধবার এই সংক্রান্ত একটি মামলায় এমনই রায় দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এর পাশাপাশি ওই নিয়োগগুলি নিয়ে শুধু সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ দেন বিচারপতি বসু। এদিন যে শিক্ষকদের চাকরি গেল তাঁরা সবাই মূলত পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলের স্কুলগুলিতে নিয়োগ পেয়েছিলেন। অভিযোগ, ওই ৩১৩ জন শিক্ষক সম্পূর্ণ বেআইনিভাবে নিয়োগ পেয়েছিলেন। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফা ভাবে এই নিয়োগ করা হয়েছিল বলেও অভিযোগ। এই অভিযোগ ওঠার পরই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। সেই মামলায় প্রাথমিক পর্যায়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। পরে সেই মামলা সুপ্রিম কোর্ট হয়ে ফিরে আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানিতে নিয়োগ হওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই মামলার শুনানিতে আজ বুধবার ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*