ন্যাশনাল হেরাল্ড মামলা, মোদি-শাহের পদত্যাগ করা উচিত, সরব কংগ্রেস

Spread the love

রোজদিন ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতের রায়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগ করা উচিত বলে সরব হলেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। আজ দিল্লিতে দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি সাংবাদিক বৈঠক করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীকে নিশানা করে তোপ দাগেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জন্য গত সাত বছর ধরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের লাগাতার হেনস্থা করে আসছে। ন্যাশনাল হেরাল্ড নিয়ে এই মামলা কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের নিদর্শন। কোনও প্রমাণ ছাড়াই ওঁদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়। আদালত তা খারিজ করায় খুশি তাঁরা। আদালতে মুখ পুড়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে জানান।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রকে তোপ দেগে বলেন, মোদি সরকার কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে সমানে বিরোধী নেতাদের হেনস্থা করছে। বিশেষত নেহরু গান্ধী পরিবার ওদের মূল নিশানা। রাজনৈতিক প্রতিহিংসার জন্য, শুধু মাত্র গান্ধী পরিবারকে সমস্যায় ফেলতে এই অভিযোগ আনা হয়েছিল। বর্ষীয়ান কংগ্রেস সভাপতি বলেন, “আমাদের ধ্বনি সত্যমেব জয়তে, আমরা এই রায় কে স্বাগত জানাচ্ছি।”
সোনিয়া, রাহুল গান্ধীকে এই অবমাননা, হেনস্থার বিষয়ে তাঁরা পথে নেমে প্রচার করবেন বলে জানান।
কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল বলেন, বিরোধী নেতাদের ইডি-কে দিয়ে কিভাবে হেনস্থা করা হয়, তা সারা দেশকে জানাতে তাঁরা দেশব্যাপী প্রচারে নামবেন।
সাংসদ তথা প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি কেন্দ্রর তীব্র সমালোচনা করে ন্যাশনাল হেরাল্ড মামলাকে ক্ষমতার অপব্যবহারের টেক্সট বই বলে মন্তব্য করেন। বাতাসে ভাসিয়ে দেওয়া ভিত্তিহীন এক অভিযোগ নিয়ে গত কয়েক বছর ধরে ওঁদের হেনস্থা করা হয়েছে। একে তিনি “জাতীয় হেনস্থা মামলা” বলে তোপ দাগেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির রাউস এভেনিউ আদালতের বিচারপতি বিশাল গগ্নে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে ইডি-র আনা টাকা নয়ছয়ের অভিযোগ খারিজ করে দিয়েছেন। এতে উল্লসিত, উদ্দীপ্ত কংগ্রেস নেতৃত্ব, কর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*