রোজদিন ডেস্ক : আজ নিয়ে পরপর তিন দিন। বোমাতঙ্কের হুমকি থেকে আজও রেহাই পেলো না রাজ্য। আজ হুগলির দুই পোস্ট অফিসে ই-মেলে বোমা আছে বলে খবর আসে। চুঁচুড়া সদর ও শ্রীরামপুর মহকুমা পোস্ট অফিসে সকালে আসা এই হুমকি মেল নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়। এমনকি সেখানে লেখা ছিল, “আজ পবিত্র শুক্রবার, আসল জিহাদ হবে”।
এই হুমকি মিলতেই দুটি ক্ষেত্রেই তড়িঘড়ি সব কর্মী, গ্রাহকদের বাইরে নিয়ে যাওয়া হয়। সকাল এগারটা থেকে দু-ঘণ্টা সব কাজ বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ এসে তল্লাশিও চালায়, কিছু মেলেনি।
পরপর তিন দিন এইভাবে কলকাতা, বিভিন্ন জেলায় আদালত, পোস্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্র ইত্যাদি গুরুত্বপূর্ণ জায়গায় ই-মেলে বোমাতঙ্ক ছড়ালেও কেন কে বা কারা তা পাঠাচ্ছে, চিহ্নিত করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এর জন্য কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা দায়ী করেছেন। তাঁর মতে, পোস্ট অফিস কেন্দ্রের আওতায়, সেখানে বোমাতঙ্ক হলে কেন্দ্র কেন ধরতে পারছে না?
এই বোমাতঙ্ক নিয়ে উদ্বিগ্ন পুলিশ, প্রশাসনও। কাজের দিনে ব্যস্ত সময়ে কে বা কারা এমন ভূয়ো ই-মেল পাঠিয়ে আতঙ্ক ছড়াচ্ছে, তা জানতে জোর চেষ্টা চলছে।
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত

Be the first to comment