আবগারি দুর্নীতি মামলায় মুক্ত আপ নেতা কেজরিওয়াল, সিসোদিয়া

Spread the love

রোজদিন ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায় মুক্ত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। আজ দিল্লির রাউস এভেনিউ আদালত জানিয়েছে, সিবিআই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। বিচারপতি জিতেন্দ্র সিং তাঁদের মুক্তির নির্দেশ দিয়ে বলেন, এঁদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের কোন প্রমাণও মেলেনি। তাঁদের সঙ্গে দেশ জুড়ে সাড়া জাগানো এই মামলায় আপের আরও ১২ জন অভিযুক্তকেও অব্যাহতি দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০২২ সালে এই মামলায় সিবিআই প্রথম চার্জশিট দেয়। এরপর একাধিক অতিরিক্ত চার্জশিটও জমা দেয় তারা। সিবিআই-এর অভিযোগ ছিল, বাতিল হয়ে যাওয়া আবগারি নীতিকে প্রভাবিত করার জন্য দক্ষিণ ভারতের এক লিকার লবি ১০০ কোটি টাকা দিয়েছিল। শুনানির সময় থেকেই তদন্তকারী সংস্থার পেশ করা নথি নিয়ে একাধিকবার অসন্তোষ ব্যক্ত করেছে আদালত।

গত ১২ ফেব্রুয়ারি আদালত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে রায়দান স্থগিত রেখেছিল।
শুনানির সময় আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই।
এই মামলায় ইডি ২০২৪ সালের ২১ মার্চ তাঁকে গ্রেফতারও করে। শীর্ষ আদালত মে মাসে তাঁকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে। ২ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করেন। সিবিআই ২৬ জুন তাঁকে গ্রেফতার করে। আগস্টে তিনি দুই কেন্দ্রীয় এজেন্সির মামলায় শীর্ষ আদালতে জামিন পান। এরপর থেকে মামলা চলতে থাকে। হাই প্রোফাইল এই মামলায় নজর ছিল সারা দেশের। আজ রাউস এভেনিউ আদালত তাঁদের মুক্ত করায় স্বস্তিতে তাঁরা, তাঁদের পরিবার ও আপ দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*