প্রতিবেদন : রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা বাবদ বেশি ফি নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর তোলা অভিযোগের কড়া জবাব দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যথাযথ প্রমাণ-সহ এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিরোধী দলনেতার অভিযোগ ওড়ালেন তিনি। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ‘রাজ্যে শিক্ষার জন্য নানা ফন্দি-ফিকির করে টাকা তোলা হয়’ বলে কুরুচিকর পোস্ট করেন তিনি। এর পরেই সিবিএসই-র নথি সোশাল মিডিয়ায় তুলে ধরেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য লেখেন, বিরোধী দলনেতা তাঁর চিরাচরিত ঢঙে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফি নিয়ে। ওঁর জ্ঞাতার্থে কেন্দ্রীয় সরকারে অধীন সিবিএসই বোর্ডের ২০২৫-এর পরীক্ষার ফি-র নোটিশটা দিলাম। রাজ্য সরকার বিনামূল্যেই সকলের পড়াশুনো চালায়! এর সঙ্গে সভাপতি, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেস বিজ্ঞপ্তিও সংযুক্ত করলাম সবার জ্ঞাতার্থে, যাতে সত্য-মিথ্যা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধ হোক।প্রসঙ্গত, চলতি বছর থেকে উচ্চমাধ্যমিকে শুরু হয়েছে সেমিস্টার সিস্টেম। এর মাঝে অভিযোগ উঠেছিল কিছু স্কুল নিজেদের ইচ্ছেমতো সেমিস্টার ফি নিচ্ছে। কিন্তু এই অভিযোগ আসামাত্রই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কড়া নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে পরীক্ষা পিছু ৭০ টাকার বেশি ফি নেওয়া যাবে না।


Be the first to comment