রোজদিন ডেস্ক :
তাঁকে দল সাসপেন্ড করেছে। এই খবর জেনে ফুঁসে উঠেছেন ভরতপুরের দাপুটে টিএমসি বিধায়ক হুমায়ুন কবীর। আজ রীতিমত হুংকার দিয়ে তিনি ঘোষণা করেন, আগামীকালই দল ছাড়বেন।
আগামীকাল বা সপ্তাহে ছাড়বেন বিধায়ক পদও। এই মাসের শেষে ২২ তারিখ নিজের দল গড়বেন। আগামী বছর বিধানসভা নির্বাচনে তাঁর নতুন দল ১৩৫টি আসনে লড়বে বলেও জানিয়ে দেন তিনি।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়বেন বলে হুমায়ুন কবীরের ঘোষণার প্রেক্ষিতে শাসক দল আজই তাঁকে সাসপেন্ড করেছে। এর পালটা দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগে হুমায়ুন কবীর জানান, আগামী নির্বাচনে তিনি রাজ্য ও কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধেই লড়বেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি। রাজ্যপালের সঙ্গে টিএমসি-র আঁতাত আছে বলেন।
উত্তর প্রদেশে বাবরি মসজিদ গড়ার জন্য ৫ একর জমি সেখানকার রাজ্য সরকার দেওয়া সত্বেও কেন তা নির্মাণ করা হচ্ছে না প্রশ্ন তোলেন। আরও বলেন, তাঁর নতুন দল সাম্প্রদায়িকতা, দুর্নীতির বিরুদ্ধে লড়বে। কে কি বললো এতে তাঁর কিছু যায় আসে না।
অন্যদিকে হুমায়ুন কবীরের এই সব আস্ফালন নিয়ে পৃথকভাবে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী ও সুজন চক্রবর্তী।
একসময় তাঁর ছায়াসঙ্গী হুমায়ুন কবীরের প্রসঙ্গে আজ অধীর চৌধুরী বলেন, টিভিওয়ালারা ওঁকে নেতা বানিয়েছে। ওঁকে দিয়েই সাম্প্রদায়িক তাস খেলে গত লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তাঁকে হারিয়েছে। এখন কাজ ফুরোনোর পর উনি দলের বোঝা। ওঁকে ফেলে দিতে মুখ্যমন্ত্রীর একটুও সময় লাগবে না বলে তিনি জানান।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী পৃথকভাবে কটাক্ষ করে বলেন, টিএমসি যাকে সাসপেন্ড করে তাকেই পরে বড় নেতা করে। হুমায়ুন কবীর কংগ্রেস, বিজেপি হয়ে ফের তৃণমূলে এসেছেন৷ দলকে না জানিয়ে উনি কিছু বলেন, এটা ভাবা ভুল।
এর আগে এই বিধায়ক যখন হিন্দুদের কেটে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তখন রাজ্যের শাসক দল কেন নীরব ছিল, অধীর চৌধুরী ও সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ার কথা বলে হুমায়ুন কবীর সাম্প্রদায়িক সম্প্রীতি নষট করছেন বলেও সুজন চক্রবর্তী জানান।

Be the first to comment