রোজদিন ডেস্ক : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এই মর্মে পাঠানো প্রস্তাবে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র দফতরের দ্বিতীয় ও তৃতীয় তলার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবে কেন্দ্রীয় বাহিনী। শুধু দফতরেই নয়, ওই দফতরের কোনও আধিকারিক সরকারি গাড়ি নিয়ে বাইরে গেলেও তাঁর সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এসআইআর পর্বের শুরু থেকেই নির্বাচন দফতর এবং তার কর্মীদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপি-সহ রাজ্যের বিভিন্ন বিরোধী দল প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এসআইআর প্রক্রিয়া চালানোর দাবি জানিয়েছিল। বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে সিইও অফিসের সামনে টানা বিক্ষোভ দেখানো শুরু হওয়ার পরে নিরাপত্তার প্রশ্ন আরও মাথাচাড়া দিয়ে ওঠে। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। সিইও অফিসের বাইরে ধরনাতেও বসেছিলেন তাঁরা। বামার লরি বিল্ডিংয়ে থাকা সিইও অফিসের ভিতরেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসআইআর চলাকালীন একাধিক বিএলও-র মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় এসআইআরকে কাঠগড়ায় তুলে আন্দোলন শুরু করেছিল বিএলও অধিকার রক্ষা কমিটি। বারবার বিক্ষোভ ও আন্দোলনের ঘটনায় সিইও অফিসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। সেই আবহে এবার সিইও অফিসের নিরাপত্তায় আনা হল কেন্দ্রীয় বাহিনী।

Be the first to comment