কলকাতা পুরসভার অধিবেশনে শাসক বনাম বিজেপির তরজায় উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক : বঙ্কিমদা বনাম মিনি পাকিস্তান তরজায় আজ উত্তাল হয় কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। বিজেপির সজল ঘোষের সঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের তীব্র বাদ বিতন্ডায় তেতে ওঠে অধিবেশন কক্ষ।
টিএমসি-র অরূপ চক্রবর্তীর আনা একটি নিন্দা প্রস্তাব নিয়ে ঘটনার সুত্রপাত। সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রীর “বঙ্কিম দা” সম্বোধন ও রবীন্দ্রনাথকেও অপমান করার অভিযোগ নিয়ে নিন্দা প্রস্তাব আনেন অরূপ চক্রবর্তী। এর ওপর মেয়র ফিরহাদ হাকিম বক্তব্য রাখার সময় বিজেপির সজল ঘোষের সঙ্গে তুমুল বিতন্ডা বাধে। সজল ঘোষ প্রশ্ন তোলেন, মেয়র কেন মিনি পাকিস্তান, ইসলাম হয়ে না জন্মানো দুর্ভাগ্যজনক ইত্যাদি বলেছিলেন? তাঁর এই বক্তব্যর তীব্র প্রতিবাদ করে মেয়র পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তিনি মিনি পাকিস্তানের কথা কখনও বলেননি । তা প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
উভয় পক্ষের তীব্র বাদ বিতন্ডায় সভা উত্তপ্ত হয়ে ওঠে। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী এক মহিলা আয়ুষ চিকিৎসকের হিজাব সরিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে ফিরহাদ হাকিম বলেন, বিজেপির সঙ্গে গিয়েই ওঁর এই অবনমন।
পরে সজল ঘোষ বলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে “বঙ্কিম দা” বলা উচিত নয় বলে ব্যক্তিগত ভাবে তিনি মনে করেন। তবে যিনি (প্রধানমন্ত্রী) তা বলেছেন, তিনি বাঙালি নন, অন্য রাজ্যে অনেকেই বাঙালিদের দাদা সম্বোধন করেন।
প্রাক্তন মেয়র তথা সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য এই সব নিয়ে বলেন, এরা ব্যক্তিগত বিষয় নিয়ে বচসাতেই ব্যস্ত। মানুষের দৈনন্দিন সমস্যা এদের চিন্তা নেই। দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির এটিই চরিত্র! শুধু কলকাতা পুরসভায় তা সীমাবদ্ধ নেই, রাজ্য বিধানসভা থেকে শুরু করে সংসদেও দক্ষিণপন্থী দলের এই সংস্কৃতি বারবার দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*