রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে আগামীকাল থেকেই রাজ্যে কেব্দ্রীয় বাহিনী আসছে। তাঁদের থাকার জন্য বিকল্প ব্যবস্থার আর্জিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলো শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, নির্বাচনে ভোট কর্মী, ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। এর পাশে তাঁদের থাকার জন্য সরকারি বিদ্যালয়গুলি ব্যবহার না করে বিকল্প ব্যবস্থা নেওয়া জরুরি। এই আর্জিতে তিনি আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন। তাঁর বক্তব্য, এমনিতেই বহু শিক্ষক শিক্ষিকা বিএলও-র কাজ করায় বিদ্যালয়গুলিতে তাঁদের অভাবে পঠনপাঠনে সমস্যা হচ্ছে। এর ওপর দীর্ঘদিন কেন্দ্রীয় বাহিনী সেখানে থাকলে আরও সমস্যা হবে। রাজ্যে বহু জায়গায় কৃষক মান্ডি, অডিটোরিয়াম ইত্যাদি অব্যবহৃত হয়ে পড়ে আছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হোক। প্রয়োজনে অস্থায়ী শিবির করা যায়। কিন্তু কোন ভাবেই সরকারি বিদ্যালয়গুলিতে বাহিনীর থাকার ব্যবস্থা না করতে কিংকর অধিকারী সিইও-কে আর্জি জানান।
রাজ্যে আসা এই বাহিনী যাতে শাসক, বিরোধী কারও কাছেই মাথা নত না করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিজেদের কর্তব্য পালন করেন, তা সুনিশ্চিত করারও তিনি দাবি
জানান।
ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে প্রধান বিরোধী বিজেপি উজ্জীবিত। কিছুটা স্বস্তিতে সাধারণ ভোটাররাও। বাহিনী নিরপেক্ষভাবে কাজ করুক সকলেই তাই চান।

Be the first to comment