রোজদিন ডেস্ক : রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সংক্রান্ত সংশোধনী বিলে অনুমোদন দিলেন না রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবন থেকে তা ফেরত পাঠানো হয়েছে বলে খবর। বিল দুটি আইনে পরিণত না হওয়ার ফলে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য রাজ্য সরকারের তরফে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা আপাতত কার্যকর হচ্ছে না। আচার্য পদে রাজ্যপালই বহাল থাকছেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা ও উপাচার্য নিয়োগ নিয়ে পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকরের আমল থেকে রাজভবন বনাম রাজ্য সরকার সংঘাত চলছে। ২০২২ সালের জুন মাসে প্রথম রাজ্যপালের বদলে সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব নিয়ে বিধানসভায় বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পাস করানো হয়। দীর্ঘদিন সেই বিল আটকে রাখেন জগদীপ ধনকর। তারপরে তার উত্তরসূরি সি ভি আনন্দ বোস রাজভবনে আসলেও বিল নিয়ে অবস্থান বদলায়নি। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে গত বছর এপ্রিল মাসে রাজ্যপাল এই সংক্রান্ত দুটি বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত করেন। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিলের মাধ্যমে রাজ্যের রাষ্ট্রপোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব রাখা হয়েছিল। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিলটিও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। ওই বিলেও রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা আচার্য করার প্রস্তাব ছিল। এবার সেই দুটি বিল খারিজ করে ফেরত পাঠালো রাষ্ট্রপতি ভবন।

Be the first to comment