রোজদিন ডেস্ক : মেসিকে কেন্দ্র করে যুবভারতীতে ভাঙচুর কাণ্ডের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠনের প্রস্তাব দিল মুখ্যমন্ত্রীর নিয়োগ করা তদন্ত কমিটি। সূত্রের খবর, দু’দিনের মধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় কমিটির প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন। সেখানেই তিনি সিট গঠনের প্রস্তাব দিয়েছেন। এই নিয়ে মঙ্গলবার সকালে তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। তদন্ত কমিটির সদস্যদের মতে, মেসির কলকাতা সফরের বিষয়টি দেখাশোনার দায়িত্বে ছিল রাজ্য সরকারের পুলিশ ও ক্রীড়া দফতর। তাঁরা দায়িত্ব এড়াতে পারেন না। তদন্ত কমিটির তরফে সংশ্লিষ্ট কর্তাদের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ নিয়ে রিপোর্ট দিতে হবে। ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দফতরের কারা দায়িত্বে ছিলেন, সফর নিয়ে আগে থেকে কী কী পরিকল্পনা করা হয়েছিল, তা জানাতে হবে রিপোর্টে। গোটা ঘটনায় বারবার যেটা সামনে আসছে, তা হল জলের বোতল। মাঠে সাধারণ ভাবে জলের বোতল নিয়ে ঢোকা যায়না। কিন্তু তারপরও কোন ম্যাজিকে সেদিন স্টেডিয়ামে হাজার হাজার জলের বোতল ও ঠাণ্ডা পানীয়ের বোতল পাওয়া গেল, উঠছে প্রশ্ন। এ নিয়ে অসীম কুমার রায় জানান, যত দূর জানি, মাঠের ভিতরে জলের বোতল ঢুকতে দেওয়া হয় না। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা মাঠ ও গ্যালারিতে জল ও ঠান্ডা পানীয়ের বোতল পড়ে থাকতে দেখেছি। যারা দায়িত্বে ছিল তারা বলছে, স্টেডিয়ামের ভিতরে স্টল হয়েছিল, সেখান থেকে ওই সব বিক্রি হয়েছে। তবে সবই তদন্তসাপেক্ষ। আমাদের প্রাথমিক পর্যবেক্ষণ, সে দিন যাঁরা দায়িত্বে ছিল, এটা তাঁদের দেখা উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। তারা সরকারের লোক হোক অথবা ইভেন্ট সংস্থার লোক জানি না, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সরকারের।

Be the first to comment