রোজদিন ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় আপাত স্বস্তিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ পাঁচ জন।
আজ দিল্লির রাউস এভেনিউ আদালত এই বিষয়ে ইডি-র আনা অর্থ নয়ছয়ের অভিযোগ খারিজ করে দেয়। বিশেষ বিচারপতি বিশাল গগনে জানিয়ে দেন, এফআইআর ছাড়া ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে অর্থ নয়ছয়ের (পিএম এলএ) মামলা গ্রহণ করা যাবে না। বিধি অনুযায়ী পিএমএলএ মামলার ৩ ও ৪ ধারায় তা গ্রহণযোগ্য নয়।
কেন্দ্রীয় সংস্থা ইডি ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ পাঁচ জনের বিরুদ্ধে বিপুল অর্থ নয়ছয়ের অভিযোগ আনে।
এই রায় ইডি-র পক্ষে বড় ধাক্কা বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
ইডি-র অভিযোগ ইয়ং ইন্ডিয়ানের মাধ্যমে ২ হাজার কোটি টাকার বেশি অর্থ তছরুপ হয়েছে।
কংগ্রেস এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে। সমাজ মাধ্যমে তারা জানায়, মোদি সরকারের প্রতিহিংসার রাজনীতি এতে প্রকাশ পেয়েছে। প্রকৃত সত্য সামনে এসেছে।
এই মামলা বেআইনি বলে আদালত জানিয়েছে। গত এক দশক ধরে মোদি সরকার গান্ধী পরিবারের বিরুদ্ধে এই সব অভিযোগ এনে তাঁদের বদনাম করার চেষ্টা করছে বলে কংগ্রেস নেতৃত্ব মনে করেন। তাঁরা সত্যের পক্ষে আছেন, প্রকৃত সত্য উদঘাটিত হবেই।
ইডি এই রায়ের বিরুদ্ধে ফের আইনি পথে যাবে বলে জানিয়েছে।
সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়া এই হাই প্রোফাইল মামলায় শ্যাম পিত্রোদা মতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডেজ, সুমন দুবে, সুনীল ভান্ডারি র বিরুদ্ধে টাকা নয়ছয়, ষড়যন্ত্র ইত্যাদির অভিযোগ এনেছিল।

Be the first to comment