রোজদিন ডেস্ক : তিনি আশা করেছিলেন, নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের দিন সরকারের পক্ষে শুভেচ্ছা মিলবে!! এর বদলে পেলেন সংসদ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ। এই নিয়ে প্রকাশ্যেই একরাশ ক্ষোভ উগরে দিলেন উচ্চ মাধ্যমিক সংসদের সদ্য প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এতদিন একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গুরু দায়িত্ব, অন্যদিকে উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতির কাজ, দুইই সামলেছেন, আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই তাঁকে কিছু না জানিয়ে সরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ তিনি।
আগামী আগস্ট মাস অবধি তাঁর এখানে কাজের মেয়াদ ছিল, তার আগেই এই ভাবে সরিয়ে দেওয়ায় বিস্মিত বিভিন্ন মহল। নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় পাঠক্রমের বাইরে থেকে প্রশ্ন করা, সময় মত বই না পাওয়া ইত্যাদি নিয়ে পড়ুয়া, অভিভাবক, এমনকি শিক্ষক মহলেও ক্ষোভ জমছিল, পরীক্ষা শেষ হতেই আর দেরি না করে সরানো হোল গত চার বছর ধরে দায়িত্ব সামলানো চিরঞ্জীব ভট্টাচার্যকে। এখন থেকে তিনি শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বই সামলাবেন। যদিও আজ ইঙ্গিতপুর্ণ ভাবে তিনি জানান, তিনি মানসিকভাবে অসুস্থ, উপাচার্যের কাজ সামলাবেন কিনা তা পরে জানাবেন।
এক ব্যক্তি দুই পদে থাকার জন্য তাঁকে সরানোর কথা মানতে চাননি তিনি। বলেন, অনেকেই এক সঙ্গে ২/৩ টি পদে আছেন। উচ্চ মাধ্যমিক সংসদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।
এই সঙ্গে বলেন, সরকার যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছে। তবে আগামী মাসে উচ্চ মাধ্যমিকের প্রাকটিকাল পরীক্ষা, এর পর ফল প্রকাশ, এই সময় তাঁর চলে যাওয়া ঠিক হল না।
তাঁকে যে সরানো হচ্ছে, তার এতটুকু ইঙ্গিতও না মেলায় বিস্মিত তিনি। তাঁর দাবি, এতদিন উচ্চ মাধ্যমিক সব পরীক্ষাই নির্বিঘ্নে, মসৃণভাবে হয়েছে, আচমকা তাঁকে সরিয়ে দেওয়ায় যুগপৎ বিস্মিত ও ক্ষুব্ধ তিনি।
উল্লেখ্য সরকারি ভাবে আজই বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পার্থ কর্মকার উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি হচ্ছেন। আগামী সোমবার তিনি কার্যভার নেবেন। তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের উপ সচিব ছিলেন।

Be the first to comment