প্রতিবেদন: শালবনীর জমি দুর্নীতি মামলায় শনিবারের পর রবিবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে দীর্ঘক্ষণ জেরা করল সিআইডি। এদিন বেলা বারোটা নাগাদ তিনি ভবানী ভবনে আসেন। সন্ধ্যে ৬টা নাগাদ ভবানী ভবন ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, তাঁকে সোমবারও তলব করা হয়েছে। এদিন সন্ধেয় ভবানী ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তাদের প্রশ্নের উত্তরে সুমিত রায় বলেন, তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই চলছেন। তবে এতদিন কোথায় আত্মগোপন করেছিলেন তা খোলসা করেননি। বলেন, আশপাশেই ছিলাম। সোমবারও তিনি তদন্তকারীদের সামনে হাজিরা দেবেন। আদালত তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে, জানিয়ে বলেন, তিনি তদন্তে সবরকমের সহযোগিতা করবেন, তদন্তকারীরা ডাকলে আবার আসবেন। তার বিরুদ্ধে জমি দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকা হস্তান্তরের অভিযোগ উঠেছে, সেসব ভিত্তিহীন বলেও উড়িয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক।

Be the first to comment