রোজদিন ডেস্ক : রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে আটটি শিল্পক্ষেত্রকে।কনক্লেভের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কনক্লেভে অংশ নেবেন রাজ্যের বিশিষ্ট শিল্পপতিরা। মুখ্যমন্ত্রী কনক্লেভের প্রাথমিক পর্যায়ে পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে অবস্থান, বিনিয়োগের সম্ভাবনা এবং সাম্প্রতিক অগ্রগতির চিত্র সকলের সামনে তুলে ধরবেন। শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্য সরকার কীভাবে সহযোগিতা করেছে, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরির মতো শিল্পপতিরা।
কনক্লেভের দ্বিতীয় পর্যায়ে বিশ্বব্যাঙ্কের সহযোগিতায় পশ্চিমবঙ্গে বর্তমান বিভিন্ন প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কলকাতা ও শহরতলির জলপথ পরিবহণের আধুনিকীকরণ, সুন্দরবনের নদী ও খাল সংস্কার, দ্বীপ এলাকার বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দামোদর অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ ও সেচের উন্নয়ন। মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে এবারের কনক্লেভে আটটি শিল্পকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে পর্যটন, তথ্যপ্রযুক্তি, ইস্পাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর পাশাপাশি চর্মশিল্প, চিকিৎসা এবং ওষুধ সংক্রান্ত শিল্পগুলিকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।

Be the first to comment