শেষ দেখা গিয়েছিল হাওড়া স্টেশনে, রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার প্রতিভাবান শুটার দময়ন্তী সেন

Spread the love

প্রতিবেদন: খোঁজ মিলছে না বাংলার প্রতিভাবান শুটার দময়ন্তী সেনের। হাওড়া বাসিন্দা দময়ন্তীকে বৃহস্পতিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পারিবারিক সূত্রে খবর, তাকে শেষবার দেখা গিয়েছিল হাওড়া স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে। এই ঘটনায় ভেঙে পড়েছে কিশোরী দময়ন্তীর পরিবার। ফেসবুক লাইভে এসে তাঁর মা গোটা পরিস্থিতির কথা জানিয়ে সাহায্য চেয়েছেন।
কয়েকদিন আগেই, ন্যাশনাল টিমের ট্রায়ালে সুযোগ মিলেছে দময়ন্তীর। আর ঠিক তার পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল রাজ্যস্তরের প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন। বৃহস্পতিবার কেনাকাটা করতে বেরিয়েছিল বছর ষোলোর দময়ন্তী। হাওড়া স্টেশনে শেষ বার দেখা গিয়েছে তাকে। তার পরে আর কোনও খোঁজ নেই। ইতিমধ্যেই হাওড়া থানায় নিখোঁজ ডায়রি করেছে দময়ন্তীর পরিবার। তার খোঁজে চলছে তল্লাশি। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনে বাড়ি দময়ন্তীর। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছাত্রী সে। কয়েক দিন আগেই জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পায়। পরিবারের তরফে জানা গিয়েছে, খুব খুশি হয়েছিল দময়ন্তী। আনন্দে ভাসছিল গোটা পরিবার। ন্যাশনাল টিমে ট্রায়ালের সুযোগ পাওয়ার পর থেকেই মেয়ে জোরদার অনুশীলন শুরু করেছিল। জানালেন বাবা ধ্রুবজ্যোতি সেন। ভোরবেলা অনুশীলনে যেত। ফলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ত দময়ন্তী। তার মোবাইল ফোনও বাড়িতেই রয়েছে। দময়ন্তীর মা মৌমিতা সেন জানান, শ্রীরামপুর থেকে একটা ফোন এসেছিল। মাহেশের রথের মেলায় দময়ন্তীকে দেখা গিয়েছে, বলেই ফোনের ওপার থেকে একজন জানান। পুলিশ সেখানেও খোঁজ চালাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*