মেলালো ‘ধূমকেতু’, ৯ বছর পর এক ফ্রেমে দেব- শুভশ্রী; নস্টালজিয়ায় ভাসলো ‘দেশু’ প্রেমীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সেই বিখ্যাত গানের লাইন যেন ছন্দে ছন্দে মিলিয়ে দিল আজকের দিনটাকে। ‘দেখেছি তোমাকে শ্রাবণে, ভিজেছি প্রেমের স্বপনে….’ হ্যাঁ! ৯ বছর পর আবার এক শ্রাবণ সন্ধ্যায় দেখা হল তাদের___ দর্শকদের প্রিয় ‘দেশু’, অর্থাৎ দেব ও শুভশ্রী। সিনেমার পর্দায় নয়, বরং নজরুল মঞ্চে, একেবারে জনসম্মুখে।

৯ বছর পর পাশাপাশি এসে দাঁড়ালেন দুজন। দুজনের পোশাকের রঙে-রংমিলান্তি। হাত বাড়ালেন দুজনে-দুজনের দিকে। ৯ বছর পর দেখা হল দুজনের। ৯ বছর পর কথা হল দুজনের। আর দর্শকদের মনে ঝড় বয়ে গেল ‘ধূমকেতু’র। নস্টালজিয়ায় ভাসলো ‘নজরুল মঞ্চ’। যাঁদের দেখে কলেজে পা রাখা সদ্য পড়ুয়ারা গেয়ে উঠত নানা গান, চোখের সামনে সেই সুপারহিট জুটি। ফের নস্ট্যালজিয়া উসকে দিল ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির স্মৃতি।

১৪ই আগস্ট মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির ছবি ধূমকেতু। রিলিজের আগেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেই যেন দেব-শুভশ্রী বুঝিয়ে দিলেন, তাঁদের জুটির ম্যাজিক এখনও সুপারহিট।
রবিবার ছিল ফ্রেন্ডশিপ ডে। আর সোমবার মঞ্চে যেন আবারও এক বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু করল তারা। দেবের পাশে দাঁড়িয়ে শুভশ্রী বলে উঠলেন, ”আমার সঙ্গে বন্ধুত্ব করবে!” শুভশ্রীর মুখে একথা শুনে দেব বললেন ‘কেন?’ শুভশ্রী বললেন ‘এমনি!’ নজরুল মঞ্চ জুড়ে তখন শুধুই চিৎকার। দেব-শুভশ্রীর বাস্তব সংলাপে ততক্ষণে উত্তেজনা তিনগুণ করেছেন নজরুল মঞ্চের। তবে আবেগতাড়িত হয়ে শুভশ্রী বলে উঠলেন, ”আমি আর দেব এতটা চেষ্টা করিনি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকরা, তাঁদের ভালবাসায়, অনুভূতিতে, কান্নায়, আনন্দে আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছিল। তাই দর্শকদের সবার আগে ধন্যবাদ বলতে চাই।”

আসলে সদ্য স্কুল পার করে কলেজে প্রবেশ হোক বা স্কুল পাশের দোরগোড়ায় একটা সময় দেব-শুভশ্রীর জুটি কেবলমাত্র সিনেমার রিলে নয়, রিয়েল লাইফেও অনুরাগীদের কাছে ভীষণ প্রেমের প্রতীক ছিল। ঠিক যেমন ভাবে দর্শকরা দেখতে অভ্যস্ত ছিল – উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ – ঋতুপর্ণা, তাপস পাল- দেবশ্রী রায়, জিৎ-কোয়েল, ইত্যাদি জুটি গুলিকে।

পরিশেষে বলা যায়, মাঝখানে অনেকটা বড়ো বিরতি থাকলেও আজ ধূমকেতু মিলিয়ে দিল দর্শকদের প্রিয় সেই জুটিকেই। ‘ধূমকেতু’র মুক্তিকে সাথে নিয়েই দেব-শুভশ্রীর আজকের এই মঞ্চ যেন এই বার্তাই দিল গানে গানে যে ‘এভাবেও ফিরে আসা যায়…..’।

লেখা:- মাসানুর রহমান
ছবি- সংগৃহীত (সামাজিক মাধ্যম)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*