রমিত সরকার, শান্তিপুর : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে রাজ্যে। তারই মাঝে শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে নদিয়ার শান্তিপুর থেকে এক বিশেষ শোভাযাত্রার মাধ্যমে রওনা দিলেন বিজেপি নেতা-কর্মীরা। এই যাত্রায় ভগবান রাম, মাতা সীতা ও হনুমানের মূর্তি সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা।
শনিবার সকালে শান্তিপুর শহরের বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা একত্রিত হন। এরপর ভগবান রামকে কাঁধে তুলে এবং সঙ্গে মাতা সীতা ও হনুমানজির মূর্তি নিয়ে তারা কলকাতার ব্রিগেড ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিজেপি কর্মীদের দাবি, রাম, সীতা ও হনুমান শুভ শক্তি ও ন্যায়ের প্রতীক। সেই প্রতীককেই সামনে রেখে তারা রাজ্যে পরিবর্তনের বার্তা দিতে চাইছেন।

বিজেপি কর্মীদের কথায়, দীর্ঘদিন ধরে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, তার পরিবর্তন চান তারা। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বাংলায় বিজেপি সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন কর্মী-সমর্থকেরা। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে তারা এই প্রতীকী উদ্যোগ নিয়েছেন।
এদিন শান্তিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বিজেপি কর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন স্লোগান দিতে দিতে তারা ব্রিগেডের পথে যাত্রা করেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সভাকে সফল করতে রাজ্যের বিভিন্ন জেলা থেকেই বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত থাকবেন।

Be the first to comment