রোজদিন ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের ডাক দিয়ে গেছিলেন তিনি। এতে উজ্জীবিত রাজ্য বিজেপি নেতৃত্ব গত ১ মার্চ থেকে রাজ্যব্যাপী পরিবর্তন যাত্রা শুরু করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, দলের জাতীয় সভাপতি-সহ বিশিষ্ট নেতাদের এনে এই যাত্রার সূচনা করা হয়। ঠিক হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এর সমাপ্তি অনুষ্ঠান হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আগামীকাল এই মহা সমাবেশ অনুষ্ঠিত হবে।
ভোটমুখি এই রাজ্যে অবশ্য প্রধানমন্ত্রী খালি হাতে আসছেন না। এক গুচ্ছ প্রকল্পের ডালি নিয়ে তাঁর এই রাজ্য সফর নিয়ে উল্লসিত তাঁর দল।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি হচ্ছে দৃশ্য নন্দন মঞ্চ।
অন্যদিকে প্রধানমন্ত্রী রাজ্যের জন্য প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়ন মুলক প্রকল্প নিয়ে আসছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। এর মধ্যে একাধিক রেল ও সড়ক প্রকল্প
আছে। যা রাজ্যের আমজনতার মুখে হাসি ফোটাবে বলে গেরুয়া শিবিরের আশা। এর আগে একাধিক ভোট মুখি রাজ্যেই এমন গুচ্ছ গুচ্ছ প্রকল্প উপহার দিয়েছেন তিনি। এবার পশ্চিম বঙ্গর জন্য হাত ভর্তি উপহার এনে রাজ্য বাসীর কতটা মন জয় করা যাবে তা ভবিষ্যতই বলবে।
এর আগেও রাজ্য সফরে এসে মা কালির নাম করে আপ্লুত বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। এবার তাঁর সমাবেশ উপলক্ষে ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে বিশাল মঞ্চ তৈরি হচ্ছে। কঠোর নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে দেওয়া হচ্ছে ব্রিগেড সহ সংশ্লিষ্ট এলাকা। এর জন্য ওই এলাকায় যান চলাচল ও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সূত্রের খবর, ব্রিগেডের মঞ্চে শুধু দক্ষিণেশ্বর মন্দিরই না, বিষ্ণুপুরের টেরাকোটা, উত্তরবঙ্গের হাতি-সহ নানা ভাবে রাজ্যের ঐতিহ্যর ছোঁয়া ও থাকছে।
আগামীকাল আর এক ভোট মুখি রাজ্য অসম থেকে এখানে আসছেন প্রধানমন্ত্রী। আজ অসমের গুয়াহাটিতে ১৯, ৪৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন তিনি। এই ছাড়া পিএম কিষাণ প্রকল্পে এ ১৮ হাজার কোটি টাকা দিয়েছেন তিনি।
সূত্রের খবর, আগামীকাল প্রধানমন্ত্রী এই রাজ্যের জন্য ১৮,৬৮০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন। এর মধ্যে ৪২০ কিমি জাতীয় সড়ক প্রকল্প,নব রূপে সেজে ওঠা ৬টি স্টেশনের উদ্বোধন ইত্যাদি আছে। যে ৬টি স্টেশন নব রূপে সেজেছে তা হোল কামাখ্যাগুড়ি, তমলুক, হলদিয়া, বরাভূম, আনাড়া ও সিউড়ি।

Be the first to comment