রোজদিন ডেস্ক : কেরলমের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তিরুবন্তপুরমের ভাড়া বাড়িতে গেল ইডি। তাঁর কন্যা টি বীণার সংস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত চলছে। এর জেরেই বিজয়নের বাড়ি ইডি আধিকারিকরা গেছেন। তাঁর জামাতা প্রাক্তন মন্ত্রী মহম্মদ রিয়াস সহ দশ জায়গায় ই ডি আজ তল্লাশি চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর দোতলা ভাড়া বাড়িতে তল্লাশি হচ্ছে। অভিযোগ, ২০১৮/১৯ সালে বিজয়নের কন্যার তথ্য প্রযুক্তি সংস্থা কে কোচিন মিনারেলস অ্যান্ড রুটিল লিমিটেড (সিএমআরএল) ১ কোটি ৭২ লক্ষ টাকা দিলেও ওই সংস্থা কোন পরিসেবা দেয়নি। এই নিয়ে দীর্ঘদিন তদন্ত চলছে।
সিপি এমের সাধারণ সম্পাদক এম এ বেবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ইডি তল্লাশির নিন্দা করেছেন। তাঁর দাবি, বর্তমান ইউডিএফ সরকারের দুই মন্ত্রীও সিএমআরএল থেকে টাকা পেয়েছিলেন, তাঁদেরও তদন্তের আওতায় আনা হোক।
বিজয়নের জামাতা মহম্মদ রিয়াস ও সমাজমাধ্যমে বলেন, সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে তিনি জীবনের শেষ দিন অবধি লড়বেন।
একাধিক প্রাক্তন মন্ত্রী সহ সিপিএমের নেতা, কর্মীরা বিজয়নের বাড়ি ইডি তল্লাশির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন।
কেরলমের স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা জানান, রাজ্য পুলিশ, স্বরাষ্ট্র দফতর এই ইডি তল্লাশি নিয়ে কিছু জানে না৷
গতকাল নতুন মুখ্যমন্ত্রী সতীশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন৷ আজই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ইডি তল্লাশি নিয়ে সিপিএম ক্ষুব্ধ বলে জানা যায়।

Be the first to comment