রোজদিন ডেস্ক : রাজ্য রাজনীতিতে ফের শোরগোল। একদা জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছে গেল ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে যায় ইডি। ভোটের মুখে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। জামিন পাওয়ার পর একাধিক বার তাঁকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু অভিযোগ, সমন পেয়েও পার্থ হাজিরা দেননি। প্রতিবারই তিনি অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়ে গিয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেই কারণেই পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে ইডির একটি দল নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মিডলম্যান প্রসন্ন রায়ের নিউটাউনের দফতরে গিয়ে তল্লাশি চালাচ্ছে। এই নাকতলার বাড়ি থেকেই ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার বেলা ১১টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল সেখানে পৌঁছোয়। এই তল্লাশি অভিযান সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি ইডি।

Be the first to comment