স্বস্তির হাওয়া হাইকোর্ট চত্বরে, আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মামলার সংখ্যা। সুবিচারের অপেক্ষায় আমজনতা। এই পরিস্থিতিতে খুশির খবর হাইকোর্ট পাড়ায়। আটজন নতুন বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ৯ আইনজীবীর নাম সুপারিশ করে। পরে তা পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। সর্বশেষ খবর, তাঁদের মধ্যে আট জনকেই বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন আট বিচারপতি শপথ নেবেন। বিচারপতি হিসাবে শপথ নেবেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং রিষাদ মেদোরা। নিয়মানুযায়ী কলকাতা হাইকোর্টে ৭২ জন বিচারপতি থাকার কথা। নতুন আটজন শপথ নেওয়ার পর বিচারপতির সংখ্যা বেড়ে হবে ৪৯ জন। রেকর্ড বলছে, গত দু’দশকে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগ হয়নি কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গত কয়েক বছরে হাইকোর্টের উপর চাপও বেড়েছে। একদিকে আন্দামান সার্কিট বেঞ্চ, অন্যদিকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ রয়েছে। দুই সার্কিট বেঞ্চেই নিয়মিত ভাবে মামলার শুনানি চলে। এর জন্য নিয়মিত ভাবে চারজন করে বিচারপতি মাসের ১৫দিন ওইখানে থাকেন। এরফলে হাইকোর্টে চাপ বাড়ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*