রোজদিন ডেস্ক : শীতের সন্ধ্যায় নিউটাউনের ঘুনি বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একাধিক ঝুপড়ি। এখন অবধি কোন হতাহতের খবর মেলেনি। দমকলের দশটি ইঞ্জিন আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছে। কলকাতার অন্যতম আকর্ষণ ইকো পার্কের কাছে এই বিধ্বংসী আগুন নিয়ে এলাকায় তীব্র আতঙ্ক, উত্তেজনা ছড়িয়েছে। সূত্রের খবর, সম্প্রতি এসআইআর আবহে ওই এলাকার বেশ কিছু ঝুপড়ি রাতারাতি ফাঁকা হয়ে যায়। সেখানেই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে প্রকাশ। এখন ও বহু মানুষ সেখানে থাকেন। স্থানীয় সূত্রের খবর, একের পর এক বিস্ফোরণের বিকট শব্দে উত্তাল হয় সংশ্লিষ্ট এলাকা। প্রাথমিকভাবে স্থানীয় মানুষ জনই আগুন নেভাতে দ্রুত ঝাঁপিয়ে পড়েন। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও পরে তার সংখ্যা বাড়ে। বিস্ফোরণের বিকট শব্দর উৎস কি তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মানুষ। আচমকা এই বিধ্বংসী আগুনের ঘটনায় দিশাহারা অনেকেই।
বিধান নগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান, তিনিই পুলিশ, দমকলকে খবর দিয়েছেন। বিরোধীরা ইতিমধ্যেই এই আগুনের কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন। সব্যসাচী দত্ত জানান, এটি নিছকই দুর্ঘটনা।
নিউ টাউনের মত ফাঁকা জায়গায় এমনিতেই শীতের প্রকোপ বেশি। মাথার ওপরের ছাদ হারানো এই দুর্গতরা কি করবেন তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় পুলিশ, প্রশাসনও।
আসন্ন বড়দিন, নতুন বছরের আগমন নিয়ে শহরে এখন উৎসবের আবহ। এর মাঝে সব হারানো এই মানুষ জনের হাহাকারে শীতের ভারী বাতাস আর ও ভারী হয়ে উঠেছে।
কিভাবে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment