ছোট ব্যবসায়ীদের জন্য ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গড়বে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ছোট ও খুচরো ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে রাজ্যের প্রতিটি জেলায় ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠনের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে নেতাজি ইনডোর স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলনের মঞ্চ থেকে তিনি জানান, ব্যবসায়ীদের সমস্যা দ্রুত মেটাতে এই বোর্ডে থাকবেন ব্যবসায়ীদের প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা। এক জানালা ব্যবস্থায় অভিযোগের নিষ্পত্তি হবে এবং দূরের জেলার ব্যবসায়ীদের আর কলকাতায় ছুটে আসতে হবে না। ব্যবসায়ীদের আর্থিক সমস্যার দ্রুত সমাধানে সরকারি বরাতের টাকা পেতে দেরির বিষয়েও ভেবে দেখার কথা জানান মুখ্যমন্ত্রী। এজন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের একটি পোর্টালের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, কাজ শেষ করে নির্ধারিত পোর্টালে তথ্য আপলোড করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাওয়া যাবে। এতে ব্যবসায়ী ও উৎপাদকদের আর্থিক চাপ কমবে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ অসংগঠিত ব্যবসায়ী রয়েছেন। প্রায় এক কোটি খুচরো ব্যবসায়ী রাজ্যের অর্থনীতিকে সচল রেখেছেন। পাড়া, মহল্লার দোকানদারদের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, এই খুচরো ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড। মানুষের হাতে টাকা থাকলেই অর্থনীতি শক্তিশালী হয়।এমএসএমই-এর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে ৯৩ লক্ষের বেশি এমএসএমই ইউনিট রয়েছে এবং প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। বড় শিল্পে তুলনামূলক ভাবে কম কর্মসংস্থান হলেও এমএসএমই ক্ষেত্রেই সবচেয়ে বেশি মানুষের কাজ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ভাষণে বাংলার ভৌগোলিক অবস্থান ও শিল্প সম্ভাবনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দার্জিলিং চা, নকশি কাঁথা, মালদহের আম, শান্তিনিকেতনের চামড়াশিল্প এবং জয়নগরের মোয়ার মতো জিআ ট্যাগ পাওয়া পণ্যের উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলার ঐতিহ্যবাহী শিল্পের সংখ্যা আরও বহগুণ বাড়ানোর সুযোগ রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*