রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি হওয়ায় উদ্বিগ্ন এই দেশ। আজ বিকেলে ঢাকার রামপুরা সেতু থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রাক্তন সেনা, ছাত্র-সহ একাধিক সংগঠন যাত্রা শুরু করেন। তাঁদের মূল দাবি, ভারতে থাকা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এই ছাড়া ভারতের বেশ কিছু রাজনৈতিক দল, মিডিয়ার একাংশ, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ও তাঁরা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। পুলিশ তাঁদের আগেই আটকে দেওয়ায় বিক্ষোভকারীরা অবস্থান শুরু করে বক্তব্য রাখেন। এই অভিযানের উদ্যোক্তা জুলাই ঐক্য, তাঁদের নেতারা এই কর্মসূচি থেকে ভারত সরকার ও অন্তর্বতী সরকারকেও হুঁশিয়ারি দেন বলে জানা যায়। শেখ হাসিনা-সহ অন্যদের নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত না দিলে পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি ও বাংলাদেশের বর্তমান সরকারকে দায় নিতে হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন। জুলাই ঐক্যর নেতা এবি জুবায়ের সমাবেশে অভিযোগ করেন, ভারত ও তার প্রক্সিরা চায় না বাংলাদেশে গণতন্ত্র রক্ষা হোক, দেশে নির্বাচন হোক।
ওই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ভারতকে নিশানা করেন তাঁরা। দেশ রক্ষার আন্দোলনে সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
প্রতিবেশী দেশের একাংশের এই ধরনের ভারত বিদ্বেষী মনোভাবে উদ্বিগ্ন এই দেশও। বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে এখন ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বজায় রেখেছে তারা। আগামী বছর বাংলাদেশের নির্বাচনের ফলের দিকেও নজর রাখা হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment