রোজদিন ডেস্ক : বিশিষ্ট ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষের (৮৭) জীবনাবসান হয়েছে। বুধবার রাতে বয়সজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ফেলেন। ভাল খেলোয়াড়, সুবক্তা, সর্বোপরি দক্ষ ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষের প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমেছে। নিজে নামী হকি খেলোয়াড় ছিলেন, জাতীয় স্তরে রাজ্যের হয়ে বহুবার প্রতিনিধিত্ব করেছেন, লেসলি ক্লডিয়াস, কেশব দত্ত, ভেস পেজ, গুরুবক্স সিং এর মত প্রথিতযশা খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন।সকলেই তাঁর সুহৃদ ছিলেন। সদালাপী গোপীনাথ ঘোষ ক্রীড়া জগতের বাইরে ও বহু সামাজিক কর্মকান্ডের সঙ্গে ও জড়িত ছিলেন, উত্তর কলকাতার বিখ্যাত সুতানুটি পরিষদের সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলার কাজে ও তাঁর অবদান ছিল।
রাজ্যে টেবিল টেনিস কে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি ও রবি চক্রবর্তীর নাম এখন ও অম্লান। তাঁদের অক্লান্ত পরিশ্রম, চেষ্টায় রাজ্যে একের পর এক নামী টেবিল টেনিস খেলোয়াড়রা উঠে আসেন।।জাতীয় স্তরে নিজেদের জায়গা করে নেন। প্রখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক দ্বারিক ঘোষের পরিবারের সন্তান গোপীনাথ ঘোষের ব্যবহারের মিষ্টতা ও মুগ্ধ করত সব মহলকে। বর্ণময়, প্রাণবন্ত, হাসিখুশি, উচ্ছল মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের ক্রীড়া, শিল্প সংস্কৃতি মহল।
তাঁর শুন্যতা কখনো পূরণ হওয়ায় নয় এমনটাই মনে করেন তাঁরা।

Be the first to comment