রোজদিন ডেস্ক : মিলছে না পর্যাপ্ত পুলিশ। তাই বৃহস্পতিবারও বিশেষ এনআইএ আদালতে পেশ করা গেল না বেলডাঙা মামলায় অভিযুক্তদের। এই নিয়ে দ্বিতীয়বার অভিযুক্তদের পেশ করা গেল না। এদিন তাঁদের ভার্চুয়ালি হাজিরা হল। জানা গিয়েছে, বিশেষ এনআইএ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বেলডাঙা মামলায় রাজ্যের পুলিশ কোনও এসকর্ট দিতে চায়নি এদিন। আর এসকর্ট না মেলায় বৃহস্পতিবারও ৩৬ জন অভিযুক্তকে আদালতে পেশ করা গেল না। সূত্রের খবর, মুর্শিদাবাদ জেলা পুলিশ এদিন জেল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, যেহেতু আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেই কারণে পুলিশ দেওয়া সম্ভব হবে না। তাই মিলছে না এসকর্ট। এরপরই অভিযুক্তদের ভার্চুয়ালি আদালতে পেশের অনুরোধ জানায় বহরমপুর জেল কর্তৃপক্ষ। গত মাসে এক পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনায় উত্তেজনা তৈরি হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। অবরোধ করা হয় রেলপথ। সেই ঘটনার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্তের নির্দেশ দেয়। কিন্তু বেলডাঙা মামলায় ফের এনআইএ-র সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।

Be the first to comment