রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশে রক্ত নেওয়ার পর এইচআইভি আক্রান্ত হয়েছে পাঁচ শিশু। এই অভিযোগে চাঞ্চল্য দেখা দিয়েছে ওই রাজ্যে। এই শিশুরা থ্যালাসেমিয়া আক্রান্ত। সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে রক্ত নিয়ে তাদের এই মারাত্মক সংক্রমণ বলে গুরুতর অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, সাতনায় সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এই শিশুদের রক্ত দেওয়া হয়। মোট ১৮৯ ইউনিট রক্ত তাদের দেওয়া হয়।তিনটি ব্লাড ব্যাঙ্ক থেকে এই রক্ত সংগৃহীত হয়েছিল। প্রায় দেড়শো জন রক্তদাতার মধ্যে কার থেকে এই সংক্রমণ এসেছে তা নিয়ে সরগরম স্বাস্থ্য দফতর।
কর্তব্যে গাফিলতির অভিযোগে এক ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ ও দুজন ল্যাব টেকনিশিয়ানকে বরখাস্ত করা হয়েছে। সাতনা জেলা হাসপাতালের প্রাক্তন সিভিল সার্জনকেও কারণ দর্শাতে বলা হয়েছে। সংগৃহীত রক্তর স্ক্রিনিং ঠিক ভাবে না হওয়ায় এই ঘটনা বলে স্বাস্থ্য দফতর মনে করে।চলতি বছরের মার্চ মাস থেকে এই ধরনের ঘটনা হলেও তা প্রকাশ্যে আসেনি। বিরোধী কংগ্রেস এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
উল্লেখ্য, সম্প্রতি বিহারের সীতামারিতে বহু মানুষের এইচআইভি আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment