রোজদিন ডেস্ক : প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে টিএমসি বিধায়ক হুমায়ুন কবীর আজ তাঁর নতুন দল ঘোষণা করলেন। মুর্শিদাবাদের বেলডাঙায় এক সমাবেশে তিনি এই ঘোষণা করেন। নতুন দলের নাম “জনতা উন্নয়ন পার্টি। ”
সমাবেশে হুমায়ুন কবীরের দাবি, তাঁর এই দল মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। দীর্ঘ ভাষণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র আক্রমণ, সমালোচনা করেন তিনি। জোর গলায় বলেন, এই শাসনে কি পেয়েছেন মুসলমানরা!! মুখে বাঙালির কথা বলেন, তবে ইউসুফ পাঠান কোন বাঙালি? কীর্তি আজাদই বা কে??
উল্লেখ্য, গত বছর এই রাজ্য থেকে টিএমসি-র সাংসদ হয়েছেন তাঁরা।
বেলডাঙার এই সমাবেশে প্রয়াত প্রণব মুখার্জি সহ একাধিক নেতার কথা শ্রদ্ধার সঙ্গে বলেন হুমায়ুন কবীর।
তাঁর নিজের পরিবারের কথা, আট ভাইবোনের সংসার, তাঁর ব্যক্তিজীবনের বিভিন্ন ওঠা পড়ার কথা বলেন। উপস্থিত জনতা তুমুল করতালি দিয়ে তাঁর সব বক্তব্যকে সমর্থন জানান৷
তাঁর দাবি, টিএমসি র ২২০ বিধায়ক সংখ্যাকে তিনি ২০ তে নামাবেন।
তিনি নিজে দুই কেন্দ্র রেজিনগর, বেলডাঙা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেন।
এখন ও শাসক দলের বিধায়ক তিনি। সেই শাসক দল কেই একের পর এক তোপ দেগে বলেন, বালি, পাথর চোরদের তিনি দেখে নেবেন।
হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা নিয়ে আজ সকাল থেকেই এলাকায় উন্মাদনা লক্ষ্য করা যায়। ভিড়ে ঠাসা জনসভার মঞ্চে তিনিই ছিলেন মূল আকর্ষণ। এক একটি ঘোষণা করেছেন, আর উপস্থিত জনতা তুমুল করতালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেছেন। যা নিয়ে দৃশ্যত উজ্জীবিত হুমায়ুন কবীর আরও সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী সহ শাসক টিএমসি-কে একের পর এক তোপ দেগেছেন। পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ শানান। তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
একদিকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ যেমন করেছেন, আবার তাঁকেই নেত্রী বলেও মেনেছেন হুমায়ুন কবীর। সম্মান জানিয়েছেন অভিষেক ব্যানার্জিকেও।
তাঁর রাজনৈতিক উত্থানে মুখ্যমন্ত্রীর অবদান যে তিনি অস্বীকার করতে পারেন না, তার ইঙ্গিত মেলে।
হুমায়ুন কবীরের দাবি, আগামী বছর বিধানসভা নির্বাচনে তাঁর দল অন্তত ৯০টি আসনে জিতবে। রাজ্যে সরকার গঠনের চাবিকাঠি তাঁর হাতেই থাকবে বলে আশা করছেন। টিএমসি, বিজেপি যারাই ক্ষমতায় আসুক, তাঁর প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে বাধা দেবে না।
তাঁর নতুন দল সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখবে বলেও আজ ঘোষণা করেন হুমায়ুন কবীর। তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে তাঁদের প্রধান লড়াই হবে। বিজেপির বিরুদ্ধেও তাঁদের গঠনমূলক বিরোধিতা চলবে বলে জানিয়ে দেন নবগঠিত জন উন্নয়ন পার্টির নেতা।

Be the first to comment