রোজদিন ডেস্ক : প্রায় এক মাস তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিজনরা, তাঁর বেঁচে থাকা নিয়েও ব্যাপক গুজব ছড়ানোয় উদবেগ দেশ বিদেশে, পুত্ররা চিন্তিত, এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিক্ষোভে উত্তাল রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ।
বিক্ষোভের আশংকায় পাকিস্তান সরকার এই দুই শহরে ১৪৪ ধারা জারি করেছে। তা উপেক্ষা করে ইমরানের দল তেহরিক ই ইন্সাফ (পিটিআই) সমর্থকেরা আজ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে জড়ো হয়েছেন। ২০২৩ সালের আগস্ট মাস থেকে এখানে বন্দি আছেন তিনি।
পিটিআই নেতা আসাদ কাইসর জানান,তাঁরা প্রথমে ইসলামাবাদ উচ্চ আদালতের সামনে একত্র হবেন, এরপর কারাগার অভিমুখে যাত্রা করবেন।
গত ৪ নভেম্বর থেকে কারাবন্দি ইমরান খানকে কেউ দেখেননি। এই নিয়ে তাঁর পরিবার পরিজন, দল চরম দুশ্চিন্তায় আছেন। আজ দলীয় সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে পাকিস্তানের দুই শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।

Be the first to comment