রোজদিন ডেস্ক : আমেরিকার শুল্ক যুদ্ধের আবহে “বন্ধু ” রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার চুক্তি করলো ভারত। ২০৩০ সাল অবধি এই চুক্তি থাকবে। আজ দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথ বিবৃতিতে এই কথা জানিয়েছেন।
রাশিয়া থেকে ভারত জ্বালানি তেল কেনায় রুষ্ট মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর বিপুল হারে শুল্ক আরোপ করায় দেশের রফতানি শিল্প ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারতের চুক্তি এই প্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
গতকাল দিল্লি আসার পর থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
ভারতের আপ্যায়নে পুতিন যে খুশি আজ তার ইঙ্গিত মেলে।
রাষ্ট্রপতি পুতিন আজ জানান, শক্তি ক্ষেত্রে সহযোগিতা প্রসারে তাঁরা উৎসাহী। রাশিয়া ভারতের শক্তি ক্ষেত্রে উন্নয়নের জন্য প্রয়োজনীয় তেল, গ্যাস, কয়লা সরবরাহ করবে। ভারতের অর্থনীতি দ্রুত এগিয়ে চলেছে। তাদের নিরবচ্ছিন্ন ভাবে জ্বালানি দেবে তাঁদের দেশ।
দক্ষিণ ভারতের কোদাইকানালে দেশের সব থেকে বড় পারমাণবিক বিদুৎ কেন্দ্র গড়ছে রাশিয়া, এই কথা উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যে ছ-টির মধ্যে চারটি গ্রিডের সঙ্গে যুক্ত করাও হয়েছে। এই বিদ্যুৎ কেন্দ্র এই দেশের পরিচ্ছন্ন ও সাশ্রয়ী শক্তির প্রয়োজন মেটাবে। এছাড়া কৃষি, ওষুধ সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি তৈরির বিষয়ও তাঁরা খতিয়ে দেখছেন।কালুগায় যৌথ ওষুধ প্রকল্প হচ্ছে। ভারতের “মেক ইন ইন্ডিয়া ” প্রকল্পের উৎপাদনে ও তাঁদের দেশের সংস্থাগুলি অংশ নেবে বলে পুতিন জানান। বলেন, উভয় পক্ষে শিক্ষা ও সংস্কৃতির আদান-প্রদান আরও বাড়বে। তাঁর এই সফর উভয় দেশের মধ্যে কৌশলী অংশীদারিত্বের সম্পর্ক আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে পুতিন উভয় পক্ষের আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেন। রাশিয়া ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করবে বলে পুতিন জানান।
পর্যটন-সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তাঁরা রাশিয়ার পর্যটকদের জন্য বিনা শুল্কে ৩০ দিনের ভারত ভ্রমণের ভিসা চালু করেছেন।
আজ রাশিয়ার রাষ্ট্রপতি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান।
রাতেই তাঁরা দেশের উদ্দেশ্যে রওনা দেবেন।

Be the first to comment