রোজদিন ডেস্ক : সোমবার দু’দিনের কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, কোচবিহারে পৌঁছে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই বৈঠকের যাবতীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। পরদিন মঙ্গলবার রাসমেলা ময়দানে রাজনৈতিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই কলকাতায় ফিরবেন তিনি। রাজ্যে আপাতত চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এই আবহে কোচবিহার সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসকদল।রাজবংশীদের দিকেও বাড়তি নজর রয়েছে তৃণমূল নেতৃত্বর। জেলা তৃণমূল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এসআইআর প্রক্রিয়ার সময় এই সফর তাৎপর্যপূর্ণ। কারণ, এতে মতুয়া, রাজবংশী-সহ বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের নাগরিকদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে মুখ্যমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন, বৈধ ভোটারদের ক্ষেত্রে কোনও অন্যায় হতে দেবেন না। সেই বার্তাই মঙ্গলবার রাসমেলা ময়দান থেকে আরও জোরালোভাবে দেওয়া হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Be the first to comment