রোজদিন ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায় আদালত তাঁকে মুক্তি দেওয়ায় কেঁদে ফেললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রায় শুনেই বিজেপিকে নিশানা করে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “আপনারা কুর্সি চান, ভাল কাজ করে তা অর্জন করুন। এই ভাবে দেশের সংবিধান নিয়ে ছেলেখেলা করবেন না।” প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সৎ, আপ দলও সৎ বলে দৃঢ়ভাবে জানান তিনি। বলেন, বিজেপি তাঁদের ওপর একের পর এক দোষ চাপাচ্ছিল, আদালত সব খারিজ করেছে। তাঁরা প্রথম থেকেই বলে এসেছেন সত্যের জয় হবেই। যে বিচারপতি তাঁদের ন্যায় বিচার দিলেন, তাঁকে শ্রদ্ধার সঙ্গে ধন্যবাদ জানান তিনি।
এই খবর পেয়ে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা সমাজ মাধ্যমে আবেগের সঙ্গে বলেন, তাঁরা জানতেন একদিন সত্যের জয় হবেই।
কেজরিওয়ালের সঙ্গে চোখে জল নামে তাঁর সতীর্থ মনীশ সিসোদিয়ার। দুজনেই এই মামলায় দীর্ঘ দিন কারাবাস ও করেছেন। আজ দিল্লির রাউস এভেনিউ আদালতের বিশেষ বিচারপতি জিতেন্দ্র সিং এই মামলায় আপের এই দুই শীর্ষ নেতা সহ অভিযুক্ত বাকি একুশ জনকেও অব্যাহতি দিয়েছেন। বিচারপতি এই ঘটনায় তদন্তকারী সংস্থা সিবিআইকেও সমালোচনা করেন।
আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দলের অন্য অভিযুক্তরা অব্যাহতি পাওয়ায় তৃণমূল, সিপিআইএম প্রমুখ দল বিজেপিকে তীব্র আক্রমণ করেছে।
তৃণমূলের মহুয়া মৈত্র, সাকেত গোখলে প্রমুখ সমাজ মাধ্যমে বলেন, সত্যের জয় হয়েছে। বিজেপির নির্লজ্জ ভাবে সিবিআই, ইডি-কে ব্যবহারের মুখোশ খুলে গেছে। তাঁরা অরবিন্দ কেজরিওয়ালদের অভিনন্দন জানান।
সিপিএম পৃথকভাবে সমাজমাধ্যমে বলে, কেলেঙ্কারির ন্সমে ভূয়ো অভিযোগ তুলে রাজনৈতিক বিরোধীদের ফাঁসানোর আরেক নিদর্শন দিল্লির তথাকথিত আবগারি কেলেঙ্কারি।
আপ এই রায়কে স্বাগত জানিয়ে বিজেপিকে তুলোধুনো করে তীব্র আক্রমণ শানিয়ে বলে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অভিযোগ আনা হয়েছিল।
বিজেপি অবশ্য এতে দমেনি, কয়েকজন নেতা মুখ্যমন্ত্রী থাকার সময় অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সংস্কারে বিপুল টাকা খরচের প্রসঙ্গ তুলে পালটা তোপ দেগেছে।
সিবিআই এর বক্তব্য, আদালত তাদের তদন্তের অনেক কিছুই দেখেনি।

Be the first to comment