রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গতকাল কংগ্রেসের সমাবেশ থেকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, এর জন্য রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের ক্ষমা চাওয়া উচিত। আজ পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু এই দাবি তুলেছেন। প্রধানমন্ত্রীর কবর খোঁড়া হবে বলে ওই সমাবেশ থেকে কয়েকজন যে হুঙ্কার দিয়েছেন, দেশের গণতন্ত্রে একে তিনি খুবই দুর্ভাগ্যজনক, মর্মান্তিক বলে মন্তব্য করেন। যাঁরা এই ভাবে প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়েছেন, এর জন্য দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার জন্য তিনি দাবি করেন।
আক্ষেপের সুরে রিজিজু বলেন, কংগ্রেস ও বিজেপির নেতা, কর্মীরা পরস্পরের রাজনৈতিক প্রতিযোগী, শত্রু নন। আদর্শগত ভাবে তাঁদের মতানৈক্য থাকতে পারে, কিন্তু দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়িত করতে তাঁরা সবাই একসঙ্গে কাজ করেন।
উল্লেখ্য, রবিবার দিল্লিতে বিজেপি র বিরুদ্ধে “ভোট চোর, গাদ্দি ছোড় ” ধ্বনি দিয়ে কংগ্রেসের বিশাল সমাবেশ হয়। সেখানে কয়েকজন সমর্থক প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কটু আক্রমণ শানানোয় ক্ষুব্ধ বিজেপি। আজ এই বিষয়ে মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবি করেন কিরেন রিজিজু।

Be the first to comment