রোজদিন ডেস্ক : বিরোধীদের সম্মিলিত চাপে এসআইআর নিয়ে বকলমে সংসদে আলোচনায় সম্মত হল কেন্দ্র। তবে একে সরাসরি এসআইআর নিয়ে আলোচনা বলছে না তারা। কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী ৯ ডিসেম্বর নির্বাচন সংস্কার নিয়ে সংসদে আলোচনা হবে। প্রত্যাশিতভাবেই এই আলোচনা কালে এসআইআর প্রসঙ্গ উঠবে বলে রাজনৈতিক মহল মনে করেন।
আজ দিল্লিতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সব রাজনৈতিক দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য গতকাল সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিন থেকে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সংসদের উভয় কক্ষ উত্তাল হয়েছে। বিরোধীদের সম্মিলিত দাবিতে সভার কাজ কার্যত অচল হয়ে পড়ে। অচলাবস্থা নিরসনে অধ্যক্ষ ওম বিড়লা আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। পরে সমাজমাধ্যমে পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, আগামী ৯ ডিসেম্বর সংসদে নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা হবে। নির্বাচন পদ্ধতি সংক্রান্ত সব বিষয়েই সেখানে আলোচনা হবে। এই আলোচনায় বিরোধীদের সর্বতভাবে সহযোগিতা করার জন্য তিনি আবেদন জানান।

কিরেন রিজিজু বলেন, শেষ পর্যন্ত এই বিষয়ে আলোচনার জন্য সবাই সম্মত হয়েছেন। তাঁরা সবাই এই আলোচনায় অংশ নেবেন, সব পক্ষকে, বিশেষ ভাবে বিরোধীপক্ষকে তিনি এতে পূর্ণ সহযোগিতার জন্য আর্জি জানান। সংসদীয় কার্যক্রম তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্যে সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এই রাজ্য সহ ১২টি রাজ্যে এসআইআর নিয়ে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। কাজের চাপে একাধিক বিএলও আত্মঘাতী হয়েছেন। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে বহু সাধারণ মানুষ ও আত্মহত্যা করেছেন। মর্মান্তিক এই সব মৃত্যুর ঘটনায় মর্মাহত, উদবিগ্ন, আতঙ্কিত বিরোধী রাজনৈতিক দলগুলি।
কেন এমন হচ্ছে, পদ্ধতিতে গলদ আছে কিনা এই সব নিয়ে তাঁরা সংসদে আলোচনার দাবি করেন। সরকার তা না মানায় দুদিন ধরে তাঁরা সংসদের উভয় কক্ষেই তুমুল বিক্ষোভ দেখান। শেষ অবধি সরকার তাঁদের এই চাপের কাছে নতিস্বীকার করলো বলে দাবি বিরোধীদের।
আজ সকালে টিএমসি-র দোলা সেন, নাজিমুল হক, সাগরিকা ঘোষ প্রমুখ সাংসদ এসআইআর নিয়ে আলোচনা নয় কেন প্রশ্ন তোলেন।

Be the first to comment