রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের নির্দেশে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ডিসেম্বরের পরও বেতন দেওয়ার আর্জিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী মুখ্যমন্ত্রীকে
চিঠি দিয়ে বলেন, ফের চাকরিতে পুর্নবহাল না হওয়া অবধি যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের ডিসেম্বরের পরও বেতন দেওয়া হোক। তাঁর আক্ষেপ, বহু যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মী এক টাকাও বেতন পাচ্ছেন না। তাঁদেরও পুনর্বহাল না হওয়া অবধি বেতন দেওয়ার জন্য তিনি আর্জি জানিয়েছেন।
যোগ্য চাকরিহারা শিক্ষক, শিক্ষা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদবেগ ব্যক্ত করে কিংকর অধিকারী বলেন, আদালতের রায়ে ডিসেম্বর অবধি বেতন মিললেও এর পরে কি হবে তা নিয়ে তাঁরা ও তাঁদের পরিবার খুবই উদবিগ্ন। এই সমস্যার সমাধান না হওয়া অবধি, ও যতদিন তাঁরা চাকরিতে পুনর্বহাল না হন, বেতন দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়েছেন। একই ভাবে শিক্ষা কমিশনারকেও তিনি এই অনুরোধ করেন।
আরও বলেন, যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরা কঠোর শাস্তি পান, কিন্তু নিরপরাধ যোগ্যরা যেন প্রাপ্য বেতন থেকে বঞ্চিত না হন।
উল্লেখ্য, শীর্ষ আদালতের রায়ে ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী চাকরি হারা হয়ে অনিশ্চিত অবস্থায় আছেন।।আদালত বারবার যোগ্য অযোগ্যদের তালিকা দিতে বললেও এসএসসি তা নিয়ে গড়িমসি করেছে।
শিক্ষক সংগঠনের বিশিষ্ট নেতা কিংকর অধিকারী প্রয়োজনে আদালতেও যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের বেতন অব্যাহত রাখার জন্য সরকারকে উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষা কমিশনারকে আবেদন করেন।

Be the first to comment