গান গাইতে গিয়ে হেনস্থা নামী শিল্পী লগ্নজিতার, গ্রেফতার স্কুল মালিক

Spread the love

রোজদিন ডেস্ক : পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে গান গাইতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন নামী শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। এই ঘটনায় অভিযুক্ত এক স্কুল মালিককে গ্রেফতার করেছে পুলিশ। বারবার দাবি জানানো সত্বেও এই বিষয়ে অভিযোগ না নিতে চাওয়ায় ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। এসডিপিও মর্যাদার আধিকারিক এই তদন্ত করবেন।
এই বিষয় নিয়ে রাজনীতির রঙও লেগেছে। বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা সহ দলের অনেকে এই নিয়ে আসরে নেমেছেন।
পুলিশের পক্ষে পুরো ব্যাপারে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়। যদিও বিষয়টি নিয়ে চাপা উত্তেজনা আছে সব মহলেই।

রাজ্যের সাংস্কৃতিক জগতে তরুণী লগ্নজিতা চক্রবর্তী এক উজ্জ্বল নাম। ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে তিনি গান গাইতে গেছিলেন। তাঁর অভিযোগ, দেবী চৌধুরাণী ছবির জনপ্রিয় “জাগো মা” গানটি গাওয়ার পর দর্শকাসন থেকে এক ব্যক্তি মঞ্চে এসে তাঁকে হেনস্থা করেন।তাঁকে মারধর করতে উদ্যত হন। এই ঘটনায় উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান। তবে পরিস্থিতি অবনতি হওয়ার আগে অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়। এই অচিন্ত্যনীয় ঘটনায় অপমানিত লগ্নজিতাও আর গান করেননি।
তাঁর অভিযোগ, ওই বিদ্যালয়ের মালিক মেহবুব মালিক তাঁর সঙ্গে এই অভব্য আচরণ করেছেন। এমনকি এই বিষয়ে স্থানীয় থানায় তিনি অভিযোগ জানাতে গেলেও পুলিশ তা নিতে অস্বীকার করে। অপমানিত শিল্পীর এই হেনস্থার খবর ছড়িয়ে পড়তে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। চটজলদি হস্তক্ষেপ করে পুলিশ। অভিযুক্ত বিদ্যালয় মালিক মেহবুব মালিককে গ্রেফতার করা হয়। থানার ওসি-র বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে। তিনি দৃঢ়ভাবে জানান, নামী শিল্পীর এই হেনস্থার ঘটনায় কাউকে ছাড়া হবে না। গতকালের ওই অনুষ্ঠানে পুলিশের অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদি অনুমতি থাকে, তবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। এই ঘটনায় রাজ্যের সাংস্কৃতিক মহলও উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*