তুলে ধরলেন বিএলওদের দূরাবস্থা, এসআইআর থামাতে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর

mamata
Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এসআইআর-এর কাজে বিএলওদের উপর অমানবিক চাপ প্রয়োগ করা হচ্ছে, যা রাজ্যের বিভিন্ন প্রান্তে গভীর সঙ্কট তৈরি করছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, এসআইআর এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তা বিপজ্জনক হয়ে উঠেছে। তাঁর বক্তব্য, বিএলও এবং নাগরিকদের উপর যেভাবে এই বিষয়টি চাপিয়ে দেওয়া হচ্ছে, তা কেবল অপরিকল্পিত এবং বিশৃঙ্খল নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথম দিন থেকেই মৌলিক প্রস্তুতির অভাব, পর্যাপ্ত পরিকল্পনার ঘাটতি এবং সঠিক নির্দেশ না থাকার ফলে গোটা প্রক্রিয়া কার্যত পঙ্গু হয়ে পড়েছে।

বিএলওদের দুরাবস্থা তুলে ধরে মুখ্যমন্ত্রী আরও লেখেন, প্রশিক্ষণে গুরুতর ফাঁক, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিভ্রান্তি এবং তাদের স্বাভাবিক জীবিকার সময়সীমার মধ্যে ভোটারদের সঙ্গে যোগাযোগ প্রায় অসম্ভব। এসবই প্রক্রিয়াটিকে কাঠামোগত ভাবে দুর্বল করেছে। জোর করে যে ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করা উচিত। সঠিক প্রশিক্ষণ, সহায়তা এবং বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ না হলে এর পরিণতি ভয়াবহ হবে। গণতান্ত্রিক কাঠামোর অখণ্ডতা বজায় রাখতে এখনই হস্তক্ষেপ জরুরি। এসআইআর নিয়ে রাজ্যজুড়ে যেভাবে ক্ষোভ, বিভ্রান্তি এবং দুর্ভোগ বাড়ছে, মুখ্যমন্ত্রীর কড়া চিঠির পর নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সে দিকেই এখন নজর রাজ্যবাসীর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*