রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দিল্লিতে রাজ্যের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন। কয়েক মাস আগে উত্তরবঙ্গে দলীয় সাংসদ খগেন মুর্মুর ওপর আক্রমণের বিষয়টিও ওঠে বলে জানা যায়। প্রধানমন্ত্রী এই বিষয়ে উদবেগ ব্যক্ত করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ দিতে গিয়ে সাংসদ খগেন মূর্মু ও বিধায়ক শংকর ঘোষ আক্রান্ত হন।অভিযোগের তির টিএমসি-র দিকে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে জেতাবার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। দলের রাজ্য সভাপতি শনীক ভট্টাচার্য তাঁকে এই রাজ্যে প্রচারের জন্য আসতে আর্জি জানান। প্রসঙ্গত, সসম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে জোরদার প্রচার করেছিলেন প্রধানমন্ত্রী-সহ দলের একাধিক নেতা। সেখানে বিপুল জয় দলকে আরও আত্মবিশ্বাসী করেছে। এবার বিজেপির লক্ষ্য এই বাংলা। এখানে জয় নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দেন।
যদিও সিপিএম নেতা সুজন চক্রবর্তী আজ পৃথকভাবে এই বিষয়ে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী নিশ্চিত যে এখানে বিজেপি জিতবে না।
আজ দিল্লির বৈঠকে দুই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, শমীক ভট্টাচার্য সহ রাজ্যের বিজেপি সাংসদরা উপস্থিত ছিলেন।
রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও আজ দিল্লি গেছেন। সেখানে তিনি প্রচার মাধ্যমের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ও অভিযোগ উগরে দেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করতে পারেন বলে জানা যায়।

Be the first to comment