রমিত সরকার, নদীয়া : নদিয়ায় এক অনন্য ও ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল সম্প্রতি। লক্ষ্মীর পাঁচালীর আদলে ঘরের লক্ষীদের মুখে শোনা গেল রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর মন্ত্র। লক্ষ্মীর ভান্ডার মতো একাধিক জনমুখী প্রকল্পের সাফল্য ও উন্নয়নের খতিয়ান তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামগঞ্জ থেকে শুরু করে বিধানসভা এলাকা জুড়ে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী মানুষের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই নদিয়া জেলার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথির ডাঙ্গা জামতলা সরদার পাড়ায় আয়োজন করা হয় উন্নয়নের পাঁচালীর বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক শ্রমজীবী মহিলা। সারিবদ্ধভাবে বসে লক্ষ্মীর পাঁচালীর ভঙ্গিতেই তাঁরা শুনলেন উন্নয়নের পাঁচালী যেখানে উঠে আসে লক্ষ্মীর ভান্ডা, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও উন্নয়নমূলক প্রকল্পের কথা।

অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন শান্তিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পিয়ালী বসাক। অনুষ্ঠান ঘিরে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। ঘরের লক্ষীদের কণ্ঠে উন্নয়নের মন্ত্রোচ্চারণ যেন রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের যাত্রাকেই প্রতিফলিত করল। এ প্রসঙ্গে পিয়ালী বসাক বলেন, “গত দেড় দশকে এই রাজ্যে যে উন্নয়নের জোয়ার এসেছে, উন্নয়নের পাঁচালী তারই প্রতীক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছেছে। সেই বার্তাই আমরা মহিলাদের মাধ্যমে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে চাই।” তিনি আরও জানান, এই উদ্যোগে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভূতপূর্ব সাড়া মিলছে। সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যেই রাজ্যের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরছেন তৃণমূল কর্মীরা। নদিয়ার এই উন্নয়নের পাঁচালী তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
চিত্র: কাজল বসাক

Be the first to comment