রমিত সরকার, কৃষ্ণনগর:
জমি দখল মামলায় প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জেল হেফাজতে থাকলেও একই মামলার অন্যতম অভিযুক্ত নদিয়া জেলা পরিষদের সদস্য নজরুল বিশ্বাস এতদিন অধরাই ছিলেন। পুলিশ সূত্রে তিনি পলাতক বলেই জানা গিয়েছিল। তবে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনের দিন কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি প্রকাশ্যে জেলা পরিষদ ভবনে প্রবেশ করেন। বিজেপি প্রার্থী প্রণতি বিশ্বাসকে সমর্থনকারী ১৫ জন তৃণমূল সদস্যের মধ্যে ধুবুলিয়ার নজরুল বিশ্বাসও ছিলেন। তাঁকে জেলা পরিষদের তারকদাস বন্দ্যোপাধ্যায় কক্ষেও দেখা যায়। সেই সময় জেলা পরিষদে পুলিশের একাধিক আধিকারিক ও নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।
অবশেষে সভাধিপতি নির্বাচন শেষ হওয়ার পর বৃহস্পতিবার নজরুল বিশ্বাসকে গ্রেফতার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নির্বাচন চলাকালীন প্রকাশ্যে উপস্থিত থাকা সত্ত্বেও কেন তাঁকে তখন গ্রেফতার করা হয়নি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে।

Be the first to comment